সোমবার থেকে আপিল বিভাগেও ভার্চুয়াল কোর্ট

১২ জুলাই, ২০২০ ১৮:১৯  
আগামীকাল সোমবার থেকে ভার্চুয়াল পদ্ধতিতে শুরু হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম। অনলাইনে সপ্তাহে দুদিন এই আদালত চলবে। সর্বোচ্চ এই ভার্চুয়াল কোর্টে শুনানি গ্রহণ করা হবে প্রত্যেক সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা সোয়া ১টা পর্যন্ত। আজ রোববার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকাজ পরিচালিত হবে মর্মে দেশের প্রধান বিচারপতি অনুমোদন দিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট চলবে।